আজ (বুধবার) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে সেগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। জ্বালানি পরিবহনে নিরাপত্তা নিশ্চিতে ইরান সরাসরি কোনো ভূমিকা রাখতে পারে না, সেটা বাংলাদেশ বা অন্য যেকোনো দেশের ক্ষেত্রে।
ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে ‘মুসলিম ভাই-বোন’ উল্লেখ করে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে সহায়তার আশ্বাস দেন।
তিনি বলেন, বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি জাহাজগুলোকে নিরাপদ পারাপারে ইরান সহযোগিতা করবে।
এ সময় রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর কোনো ধরনের হামলা চালালে পূর্ণ শক্তি দিয়ে তা প্রতিহত করতে তেহরান প্রস্তুত। তবে ইরান নিজে থেকে কোনো যুদ্ধ বা সংঘাত চায় না।
ইরানের সামরিক প্রস্তুতি প্রসঙ্গে জালিল রাহিমি জাহানাবাদী জানান, আত্মরক্ষার সক্ষমতা বাড়াতে ইরান নতুন ড্রোন তৈরি করেছে এবং যেকোনো আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তবে হাফিজ ও শেখ সাদির মতো বিশ্বখ্যাত কবিদের দেশের মানুষ হিসেবে ইরান যুদ্ধের পরিবর্তে শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাস করে।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো মৌলিক বিরোধ নেই বলেও দাবি করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা না চালানো হলে তেহরান কখনোই এসব দেশের ওপর আক্রমণ করবে না।
পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করে তিনি পশ্চিমা শক্তির হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাব দেন।
ইয়েমেনের হুতি আন্দোলন ও সৌদি আরবের মধ্যকার সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই দ্বন্দ্ব ইরানের ইসলামি বিপ্লবেরও আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানের কারণে ইয়েমেনের হুতি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।
শিয়া-সুন্নি বিভেদকে গুরুত্ব না দেওয়ার কথা জানিয়ে ইরানি রাষ্ট্রদূত বলেন, ইরান কোনো গোষ্ঠীকে তাদের ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার করে না। হামাস সুন্নি সংগঠন হওয়া সত্ত্বেও তেহরান তাদের সমর্থন করছে। একইভাবে, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে ইরান তাদেরও সমর্থন দিতে প্রস্তুত।
লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে বিশ্ব অর্থনীতিতে যে চাপ এবং পণ্যমূল্য বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন রাষ্ট্রদূত। তিনি বলেন, এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পশ্চিমা হস্তক্ষেপের পরিবর্তে আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।
আপনার কমেন্ট